বাংলাদেশ ক্রিকেটের মূল চ্যালেঞ্জ: ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য

বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটিং ও বোলিং ভারসাম্য
© Photo by Wikimedia Commons, Public Domain – Image resized

ক্রিকেট মাঠে একটি দলের সাফল্যের জন্য ব্যাটিং এবং বোলিংয়ে সঠিক ভারসাম্য থাকাটা অত্যন্ত জরুরি। শুধুমাত্র শক্তিশালী ব্যাটিং লাইনআপ অথবা দুর্দান্ত বোলিং আক্রমণ দিয়ে বড় টুর্নামেন্ট জেতা কঠিন। কারণ, ভালো পিচে ব্যাটসম্যানরা রান করবে, আবার কঠিন উইকেটে বোলাররা দলকে রক্ষা করবে। এই দুই বিভাগের সমন্বিত পারফরম্যান্সই একটি দলকে ধারাবাহিক সাফল্য এনে দেয়।

বাংলাদেশ ক্রিকেটের দিকে তাকালে এই ভারসাম্যের অভাব চোখে পড়ে। প্রায়শই দেখা যায়, দলের ব্যাটিং অথবা বোলিং কোনো একটি বিভাগ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করছে না। যখন বোলাররা ভালো করছে, তখন ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছে; আবার যখন ব্যাটসম্যানরা রান পাচ্ছে, তখন বোলাররা প্রতিপক্ষকে আটকে রাখতে পারছে না। এই ভারসাম্যহীনতা বাংলাদেশের সাফল্যের পথে বড় বাধা। অথচ সফল দল যেমন ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে দেখুন। তাদের দলে সবসময়ই বিশ্বমানের ব্যাটসম্যান এবং বোলারদের সংমিশ্রণ থাকে। ভারতের জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে নেতৃত্ব দেয়, আর বুমরাহ ও শার্দুল ঠাকুরের মতো বোলাররা বোলিংয়ে দারুণ সমর্থন যোগায়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ব্যাটিংয়ে দলের শক্তি বাড়ায়, আর মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের মতো বাস্ট বোলাররা বোলিংয়ে ভারসাম্য আনে। ইংল্যান্ডের বেন স্টোকস ও জো রুট ব্যাটিংয়ে দলের শক্তি বাড়ায়, আর জ্যাক লিচ ও ক্রিস ওকস বোলিংয়ে সমন্বয় রক্ষা করে। এই দলগুলো প্রমাণ করে যে, শুধু একজন বা দুইজন তারকার উপর নির্ভর করে নয়, বরং পুরো দলের ব্যাটিং এবং বোলিংয়ে ভারসাম্য থাকলে তবেই বড় মঞ্চে জয় সম্ভব।

কেন বাংলাদেশের ব্যাটিং-বোলিংয়ে সমন্বয়ের অভাব?

বাংলাদেশ দলের ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে দীর্ঘস্থায়ী সমন্বয়ের অভাব। এই সমস্যাটি নতুন নয়, বরং সময়ের সাথে সাথে এটি আরও প্রকট হয়েছে। একসময় আমাদের দলে এমন কিছু ক্রিকেটার ছিলেন, যারা কেবল এক বিভাগে পারফর্ম করে সন্তুষ্ট থাকতেন না। সাকিব আল হাসানের মতো একজন জেনুইন অলরাউন্ডার যখন দলে ছিলেন, তখন ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই তিনি দলের মেরুদণ্ড হিসেবে কাজ করতেন। তার উপস্থিতি দলের ভারসাম্যকে এতটাই মজবুত করত যে, টপ অর্ডারে যদি কোনো ব্যাটসম্যান ব্যর্থ হতেন, তাহলেও সাকিবের ব্যাট থেকে রান আসত। ঠিক তেমনি, বোলাররা উইকেট না পেলে সাকিব তার স্পিন জাদুতে ব্রেকথ্রু এনে দিতেন। অন্যদিকে, মাশরাফি মর্তুজার মতো বোলাররা টেল-এন্ডারে ব্যাট হাতে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের রান বাড়িয়ে দিতেন। তাদের এই বহুমুখী ভূমিকা দলের সমন্বয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

কিন্তু এখনকার বাংলাদেশ দলে সেই চিত্রটা আর নেই। বর্তমানে দলে থাকা মেহেদী হাসান মিরাজ কিংবা সাইফুদ্দিনের মতো ক্রিকেটাররা সেই দায়িত্বটা পুরোপুরি নিতে পারছেন না। তারা হয়তো ব্যাটিংয়ে ভালো করছেন, কিন্তু বোলিংয়ে ধারাবাহিকতা দেখা যাচ্ছে না, অথবা উল্টোটা ঘটছে। একজন জেনুইন অলরাউন্ডারের অভাব এতটাই প্রকট যে, দল সাজাতে গিয়ে অধিনায়ককে প্রায়শই হিমশিম খেতে হয়। অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলালে বোলিংয়ে দুর্বলতা দেখা দেয়, আবার বাড়তি একজন বোলার খেলালে ব্যাটিং লাইনআপে গভীরতা কমে যায়। ফলস্বরূপ, বাংলাদেশের পারফরম্যান্সও হয়ে উঠেছে বিচ্ছিন্ন। তাই বলা যায়, দলের জেনুইন অলরাউন্ডারের অভাব এবং টেল-এন্ডারদের ব্যাটিংয়ে অনীহাই মূলত বাংলাদেশের ব্যাটিং-বোলিংয়ে সমন্বয়হীনতার প্রধান কারণ।

কেন বাংলাদেশের ব্যাটিং-বোলিং এক সাথে জ্বলে উঠতে ব্যর্থ?

বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সের দিকে তাকালে একটা হতাশার চিত্র প্রায়শই সামনে আসে। ব্যাটিং এবং বোলিং বিভাগ যেন একে অপরের পরিপূরক হতে পারছে না। যখন ব্যাটসম্যানরা রান করে দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করে, তখন দেখা যায় বোলাররা প্রতিপক্ষকে আটকে রাখতে ব্যর্থ হচ্ছে। আবার যখন বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখছে, তখন ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই প্রচেষ্টা বৃথা যাচ্ছে। এই ভারসাম্যহীনতা বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা।

এই সমস্যা শুধু দলের সমন্বয়হীনতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিগত পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবেও এর প্রতিফলন দেখা যায়। উদাহরণস্বরূপ, লিটন দাসের মতো একজন প্রতিভাবান ব্যাটসম্যানের ব্যাট থেকে নিয়মিত রান আসে না। তিনি কিছু ম্যাচে দারুণ খেললেও পরের ম্যাচেই তার ফর্ম উধাও হয়ে যায়। একইভাবে, মুস্তাফিজুর রহমানের মতো বিশ্বমানের বোলারও তার সেরা ছন্দে নেই। একসময় যিনি তার স্লোয়ার এবং কাটার দিয়ে প্রতিপক্ষকে নাকাল করতেন, এখন সেই ধার অনেকটাই কমে গেছে। দলের সেরা খেলোয়াড়দের কাছ থেকে এমন বিচ্ছিন্ন পারফরম্যান্স এলে পুরো দলের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ে। ক্রিকেট একটি দলীয় খেলা, যেখানে একজন খেলোয়াড়ের দুর্বলতা অন্যজন পূরণ করবে। কিন্তু যখন দলের মূল খেলোয়াড়রাই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়, তখন পুরো দল একসাথে জ্বলে উঠতে পারে না। এই কারণেই বাংলাদেশ দল এক বিভাগে ভালো করলেও অন্য বিভাগে পিছিয়ে থাকে, যার চূড়ান্ত ফল হয় হতাশা।

বিদেশি কোচের ভিড়েও কেন সমাধান অধরা?

বাংলাদেশ ক্রিকেটে দেশি-বিদেশি কোচের আনাগোনা লেগেই আছে। মোটা অঙ্কের বেতন দিয়ে তাদের আনা হয়, কিন্তু খেলোয়াড়দের মূল সমস্যাগুলো সমাধান হচ্ছে না। আমাদের ব্যাটসম্যান বা বোলাররা যখন ফর্মে থাকেন না, তখন তাদের দুর্বলতাগুলো সঠিকভাবে চিহ্নিত করে সে অনুযায়ী কাজ করার মতো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। এর ফলে, একজন খেলোয়াড় যখন দল থেকে একবার ছিটকে পড়েন, তখন তিনি যেন বিসিবির রাডার থেকে পুরোপুরি হারিয়ে যান। সাব্বির রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম বা জুবায়ের হক লিখন-এর মতো প্রতিভাবান খেলোয়াড়দের কথা ভাবুন। তারা একসময় জাতীয় দলে খেলেছেন, কিন্তু ফর্ম হারানোয় তাদের নিয়ে আর সেভাবে কাজ করা হচ্ছে না।

একবার বাদ পড়লে তাদের উন্নতির জন্য দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনাও দেখা যায় না। এর বদলে, বিসিবি সবসময় নতুন বিকল্প খুঁজতে ব্যস্ত থাকে। কোনো খেলোয়াড় ঘরোয়া লিগে দু-এক ম্যাচে ভালো করলেই তাকে নিয়ে মাতামাতি শুরু হয় এবং দ্রুতই জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। কিন্তু এই ‘নতুন বিকল্প খোঁজা’র সংস্কৃতি কোনো স্থায়ী সমাধান নয়। বরং এটি দলের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করে। যারা দলে আছেন, তারা সবসময় নিজেদের জায়গা নিয়ে অনিশ্চয়তায় ভোগেন, আর যারা বাইরে আছেন, তাদের মনে হয় ভালো খেলেও তারা যথেষ্ট সুযোগ পাচ্ছেন না। এভাবে এক খেলোয়াড়কে বাদ দিয়ে অন্য খেলোয়াড়কে সুযোগ দিয়ে সমস্যার সমাধান হয় না। বরং, বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদি কাজ করা এবং তাদের ভুলগুলো শুধরে আবার মূলস্রোতে ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া উচিত।

বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদী সমাধান: আবেগ ও বাস্তবতার মেলবন্ধন

বাংলাদেশের ক্রিকেট আমাদের সবার আবেগ, আমাদের হৃদয়ের স্পন্দন। কিন্তু এই আবেগের সাথে বাস্তবের ফারাকটা এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখন আর কোনো তাৎক্ষণিক সমাধান নয়, আমাদের দরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের ব্যাটসম্যান এবং বোলারদের মান উন্নয়নে সঠিক নার্সিং কিভাবে হবে, সেই পথটা বিসিবিকেই খুঁজে বের করতে হবে। শুধু বিদেশি কোচের ওপর নির্ভর করে থাকলে হবে না, কারণ আমাদের ক্রিকেটের মূল সমস্যাগুলো আমাদের দেশের মানুষই সবচেয়ে ভালো বোঝেন।

এই কঠিন সময়ে আমাদের অবসরে যাওয়া ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগানো জরুরি। যারা একটা সময় দেশের জন্য লড়েছেন, যারা এদেশের পিচে খেলেছেন, তারাই জানেন এখানকার ক্রিকেটারদের মানসিকতা এবং টেকনিক্যাল দুর্বলতাগুলো কোথায়। মাশরাফি, তামিম, কিংবা সাকিব—তাদের মতো সফল ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি কোচিং প্যানেল সাজানো যায়, তাহলে সেটা হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ। পাশাপাশি, শুধু কোচদের ওপর ভরসা রাখলেই হবে না, আমাদের ক্রিকেটারদেরও আরও দায়িত্ববান হতে হবে। যখন দল থেকে বাদ পড়ে, তখন হতাশ না হয়ে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করতে হবে। নিজ উদ্যোগে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোকে শক্তিতে পরিণত করার চেষ্টা করতে হবে। ক্রিকেট শুধুমাত্র মাঠের খেলা নয়, এটি একটি মানসিক লড়াইও। বিসিবিকে যেমন সঠিক গাইডলাইন দিতে হবে, তেমনি খেলোয়াড়দেরও সেই গাইডলাইন মেনে নিজেদের শতভাগ উজাড় করে দিতে হবে। এই আবেগ এবং পেশাদারিত্বের সমন্বয় ঘটলেই আমাদের ক্রিকেট নতুন দিগন্তে পৌঁছাতে পারবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।